রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত (আম্বাসেডর) সার্জিও গোরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় প্রতিনিধি দলটি বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায়। দুপুর দুইটার পর তাঁরা উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। পরে প্রতিনিধিদলটি জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশ ৮ ডব্লিউ এবং ৬ নম্বর ক্যাম্প পরিদর্শন করে। এরপর তাঁরা রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। বিকেলে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শনে যান সার্জিও গোরের নেতৃত্বাধীন দল।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি মার্কিন অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে।
এ সময় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধি এবং বাংলাদেশ সরকারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
আলোচনায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান মানবিক সাহায্য, ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ার নানা দিক উঠে আসে।
পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা কমিউনিটির কয়েকজন নেতার সাথেও কথা বলে এবং তাঁদের বর্তমান সংকট ও চাহিদার কথা শোনে।
মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে, বিশেষ দূতের এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মার্কিন প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।












