লংগদুতে ভুয়া ডিজেএফআই পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

রাঙামাটির লংগদুতে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজেএফআই (DGFI) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাইট্টাপাড়া এলাকার একটি সেগুনবাগান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. ইকরাম হোসেন (২৭), মো. আরিফুল ইসলাম রাজু (২৪), মো. ইয়াসিন (৩৪) ও মো. শাহজাহান (৩৪)। তারা সবাই স্থানীয় বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল ব্যক্তি সেগুনবাগান এলাকায় জুয়া খেলার সময় অভিযুক্ত চার যুবক সেখানে উপস্থিত হয়ে নিজেদের ডিজেএফআই সদস্য হিসেবে পরিচয় দেন। এসময় তারা ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে জুয়াড়িদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন কেড়ে নেন। ভুক্তভোগীদের চিৎকার শুনে স্থানীয় জনতা অভিযুক্তদের ঘিরে ফেলেন এবং সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে নিয়ে যান।
লংগদু থানার পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে।”












