লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বান্দরবানের লামায় মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় শতাধিক দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব লামা। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় লামা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব লামার সহ-সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব লামার সভাপতি ও সাংবাদিক তৈয়ব আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. করিম, সাংবাদিক নূরুল করিম আরমান, মো. শাহনেওয়াজ, মো. নূরুল আমিন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও মো. সুমন প্রমুখ।
এপেক্স বাংলাদেশের সাবেক জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান এবং এলজি. পিএনপি এপে. রিজওয়ান শাহিদীর আর্থিক সহায়তায় ও এপেক্স ক্লাব অব লামার সৌজন্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। শীতবস্ত্র গ্রহণ করে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার নুর নাহার বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই শীতে একটি কম্বল পেয়ে আমার খুব উপকার হলো।"
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ কামালুদ্দিন বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে দরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। সুবিধাবঞ্চিত ও গৃহহীন মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। এপেক্স বাংলাদেশের এই উদ্যোগ অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।”











