লামায় গুণী দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
বান্দরবানের লামা উপজেলার নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রতিষ্ঠাকালীন শিক্ষক অংথোয়াইহ্লা মার্মা ও জাইতুন্নাহার বেগমের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. এম. ইমতিয়াজ। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের পত্নী মিসেস শাকিলা শারমিন, বিদায়ী শিক্ষক অংথোয়াইহ্লা মার্মা (সিনিয়র শিক্ষক) ও মিসেস জাইতুন্নাহার বেগম (সিনিয়র শিক্ষক), লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় তাঁরা শুধুই পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেননি, তাঁরা ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা। শিক্ষকতা তাঁদের কাছে কেবল একটি পেশা ছিল না; ছিল এক পবিত্র ব্রত। লামার এই শিক্ষাঙ্গনকে তাঁরা ভালোবাসা ও অভিজ্ঞতার নির্যাস দিয়ে সমৃদ্ধ করেছেন। শত শত শিক্ষার্থীর জীবনে এনেছেন ইতিবাচক পরিবর্তন, শিখিয়েছেন স্বপ্ন দেখতে, সেই স্বপ্ন পূরণের সাহস জুগিয়েছেন।
বক্তারা আরও বলেন, একজন ভালো শিক্ষক একজন শিক্ষার্থীর জীবনকে চিরকালের জন্য বদলে দিতে পারেন। আমাদের এই দুই গুণী শিক্ষক সেই বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যাঁদের দেখানো পথে হেঁটে আজ অনেকেই সমাজে প্রতিষ্ঠিত। তাঁদের শ্রেণিকক্ষ ছিল কেবল একটি ঘর নয়, তা ছিল নৈতিকতা, মূল্যবোধ ও জীবনের পাঠের এক জীবন্ত বিদ্যালয়।
শিক্ষক মণ্ডলীর প্রতি আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। এতগুলো বছর ধরে ধৈর্য, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে তাঁরা যে দায়িত্ব পালন করেছেন, তার ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাঁদের অবসর জীবন হোক সুস্থ, সুন্দর ও আনন্দময়। আমরা তাঁদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। তাঁরা শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁদের শিক্ষা ও অনুপ্রেরণা চিরকাল পথ দেখাবে।












