লামায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানের লামা উপজেলায় 'তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে' এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় লামা উপজেলা পরিষদের সভাকক্ষে তথ্য অফিস, লামার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লামা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাম্মৎ শাকিলা আক্তার, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। অন্যান্য অতিথিবৃন্দ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্ম নিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার চলমান টাইফয়েড ভ্যাকসিনেশনের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচন কেন্দ্রিক অপপ্রচার রোধে সম্মিলিত প্রয়াস ও যৌথ দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিষয়েও আলোকপাত করেন।











