লামায় পাওনা টাকা চাওয়ায় হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলায় কাঠ বিক্রির পাওনা টাকা চাওয়ায় ওসমান গণি (২৮) নামের এক ব্যবসায়ীকে অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জখম ও নগদ টাকা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে লামা পৌরসভার চাম্পাতলী মোড়সংলগ্ন কিরণের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওসমান গণি লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত মো. সোলাইমানের ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মো. আবু মুছা (২৭)-এর নিকট কাঠ বিক্রির বাবদ ৬৮,১৮০ টাকা পাওনা ছিলেন ওসমান গণি। দীর্ঘদিন ধরে ওই টাকা পরিশোধ না করে টালবাহানা ও হয়রানি করে আসছিলেন আবু মুছা। ২৫ জুলাই দুপুরে আবু মুছা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওসমান গণি তাঁকে থামিয়ে পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে আবু মুছা গালিগালাজ শুরু করেন এবং মুঠোফোনে ডেকে তাঁর সহযোগীদের ঘটনাস্থলে আনেন।
খবর পেয়ে অন্য বিবাদীরা স্টিলের পাইপ ও মোটা কাঠের বাটাম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওসমান গণির ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাঁর বুক, পিঠ, কোমর, পা, হাত ও কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে বিবাদী মাহফুজ (২২) ভুক্তভোগীর পকেটে থাকা ৩৫,২৩০ টাকা ছিনিয়ে নেন।
এ ঘটনায় মাহফুজ (২২), মো. নাছির (৪৮), মাসুম (২৪), মো. আবু মুছা (২৭) ও মো. সোহেল (২১)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওসমান গণি।
স্থানীয়রা এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে ফেরার পথে লামা বাজারে ভুক্তভোগীকে পুনরায় দেখতে পেয়ে বিবাদীরা গালিগালাজ ও মারধরের চেষ্টা চালান।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












