লামায় বসতবাড়ি ও দোকান রক্ষায় পাহাড় কাটা বন্ধের দাবিতে থানায় অভিযোগ

বান্দরবানের লামায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটা ও ড্রেন নির্মাণ বন্ধের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
২৬ জুলাই (রবিবার) লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়ারটেক এলাকার বাসিন্দা মো. ইউনূস (২৩) বাদী হয়ে লামা থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৬ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে লামা থানাধীন ২৯৩ নম্বর ছাগলখাইয়া মৌজার আর/৫৯১ নম্বর হোল্ডিংভুক্ত জমি বাদীর নানার নামে রেকর্ডভুক্ত রয়েছে, যেখানে তাঁরা পরিবার নিয়ে বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। তবে স্থানীয় বিবাদী মো. হাবিব (৫০), আব্দুল্লাহ (৩০), বশির (৪৫), মঞ্জুরা (৩৫)-সহ আরও ৪/৫ জন ব্যক্তি তাঁদের পার্শ্ববর্তী জায়গায় পাহাড় কেটে ড্রেন নির্মাণ করছিলেন। এর ফলে বাদীর বসতবাড়ি ও দোকানঘর ধসে পড়ার বা মারাত্মক ক্ষতির ঝুঁকিতে পড়েছে।
বিবাদীরা পুনরায় পাহাড় কেটে ড্রেন নির্মাণ শুরু করলে বাদী মো. ইউনূস এতে বাধা দেন। তবে বিবাদীরা সেই বাধা অমান্য করে কাজ চালিয়ে যান। অভিযোগে আরও বলা হয়, এর প্রতিবাদ জানালে বিবাদীরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে বা আইনগত ব্যবস্থা নিলে তাঁদের "জানে মেরে লাশ ওই জায়গার মাটিতে পুঁতে ফেলবে" বলে হুমকি দেওয়া হয়।
ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে বাদী মো. ইউনূস জীবনের নিরাপত্তা ও স্বীয় সম্পত্তি রক্ষায় থানায় উপস্থিত হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র জমা দেন।
এ বিষয়ে বিবাদী মো. হাবিব জানান, “আমার জমিতে ড্রেনের ময়লা পরিষ্কার করতে গেলে তারা বাধা সৃষ্টি করে। আমি এর সুষ্ঠু সমাধান চাই।”
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











