লামায় সাচিং প্রু জেরীর ব্যাপক প্রচারণা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বান্দরবানের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা সফরের অংশ হিসেবে প্রথম দিনেই শোডাউনের মাধ্যমে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে জেলার লামা উপজেলার ক্যাজু পাড়া, লুলাইং পাড়া ও গজালিয়া শহরসহ বিভিন্ন দুর্গম উপজাতি ও বাঙালি অধ্যুষিত এলাকায় তিনি গণসংযোগ করেন।
দিনব্যাপী এই সফরে সাচিং প্রু জেরী ১০টি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা জনগণের সামনে তুলে ধরেন। তিনি বলেন, "এই ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার একটি পূর্ণাঙ্গ নকশা। বিএনপি ক্ষমতায় গেলে এর বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করা হবে।"
পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "নির্বাচিত হলে ম্রো, ত্রিপুরা, মারমা ও বাঙালিসহ সকল জাতিগোষ্ঠীর সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। পাহাড়ি জনপদে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করাই আমার মূল লক্ষ্য।"
প্রচারণাকালে মার্মা, ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর পাশাপাশি বিপুল সংখ্যক বাঙালি নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, আবদুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম ও হাবীবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবারও উপজেলার বিভিন্ন দুর্গম পল্লীতে প্রচার চালানোর কথা রয়েছে প্রার্থীর।











