লামায় ৭ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

নবম পে-স্কেল ঘোষণা ও বেতন বৈষম্য দূরীকরণসহ সাত দফা দাবিতে বান্দরবানের লামায় তিন দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে লামা উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ পালিত হয়।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানান। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ১৯৭৩ সালের ১০ ধাপের বেতন স্কেল প্রবর্তন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃপ্রবর্তন এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে কর্মরতদের রাজস্ব খাতে স্থায়ীকরণ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতন দিয়ে জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাজপথের আন্দোলন আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সমাপনী দিনেও উপজেলার বিভিন্ন দপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।











