লোহাগাড়ায় বাজারে অনিয়ম পেলেই জেল-জরিমানার হুশিয়ারি ইউএনও’র

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল ও মজুতদারি কোনো কিছুই সহ্য করা হবে না। বাজারে অনিয়ম পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। ঈদ হবে জেলে।
এসময় বক্তব্য রাখেন লোহাগাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল, উপজেলা কৃষি অফিসার ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক কাজি শফিউল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সেতু ভুষন দাশ, বাজার মনিটরিং কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ানুল হক, বটতলি শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম, নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী এবং ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু জাফর, পজিব কর্মকর্তা কানিজ ফাতিমাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভা শেষে রমজান জুড়ে নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।





