লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এইদিন সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগাড়া থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বিজয় মেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
শিক্ষিকা লায়লা বিলকিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নুসরাত জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার, যুদ্ধাকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিজয় অর্জন করে। এই বিজয়ের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, বিজয় মেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। সার্বিকভাবে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল ও অর্থবহভাবে সম্পন্ন হয়।












