লোহাগাড়ায় রাতে চাঁদাবাজির তাণ্ডব, গুলিতে নিহত সিএনজি চালক
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ইটভাটায় দুর্বৃত্তদের তান্ডব গাড়ির লাইটের আলো যাওয়ায় ছোড়া গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা বায়তুশ শরফ সংলগ্ন বায়তুশ শরফ সড়কের চৌধুরী পুকুর পাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত নুরুল ইসলাম একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লালির বাপের পাড়ার মৃত আলী আহমদের ছেলে। তিনি বড়হাতিয়া ওয়ার্ড শিবির সভাপতি শফিকুল ইসলামের বাবা।
খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান সিদ্দিকী ও লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ফজরের নামাজে যাওয়ার সময় পথচারীরা রাস্তায় সিএনজির ভেতর নুরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
স্থানীয়রা আরো জানান, ইটভাটার মালিক মঞ্জুর কোম্পানী অপহরনের দুইদিন পর মুক্তিপনে ফিরে আসেন। গত তিন আগে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে সন্ত্রাসী তৌহিদের ঘর ঘেরাও করেন। ওই দিনই পুলিশকে লক্ষ্য করে গুলি করে পারিয়ে যান সন্ত্রাসীরা।
নিহতের ছেলে শফিকুল ইসলাম বলেন, বাবা প্রতিদিনের মতো গতরাতেও যাত্রীর ডাকে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। সকালে মসজিদের ইমাম ফোনে খবর দিলে গিয়ে দেখি সিএনজির ভেতর বাবার নিথর দেহ পড়ে আছে।
এদিকে খানাখন্দে জড়িত চাঁদাবাজ চক্র ‘তৌহিদ বাহিনী’কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বড়হাতিয়ার একেবি ইটভাটার মালিক নাছির উদ্দিন জানান, কয়েকদিন আগে আমার অংশীদার মনজুরুল আলমকে অপহরণ করে তৌহিদ বাহিনী। দরকষাকষির পর তাকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়। এরপর ইটভাটার কাজ সপ্তাহজুড়ে বন্ধ ছিল। গতকাল দুপুরে আবার এসে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। রাতে অফিসে ভাঙচুর চালায় ও সিসি ক্যামেরা লুট করে নিয়ে যায়। আজ সকালে শুনলাম সিএনজি চালক নুরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে।
গাড়ির চালক জাফর বলেন, মঙ্গলবার দুপুরে তৌহিদ বাহিনীর এক সদস্য এসে আমাকে ও ইটভাটায় নিয়োজিত শ্যমিকদের ইটভাটায় কাজ না করার জন্য হুমকি দিয়ে চলে যায়। পরপরই ম্রমিকরা পারিয়ে যায় অপহরনের ভয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তৌহিদ বাহিনীর সদস্যরা ইটভাটায় লুটপাট চালানোর সময় নুরুল ইসলাম সিএনজি নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। গাড়ির আলোতে তাদের সশস্ত্র অবস্থায় দেখতে পেয়ে তিনি দিক পরিবর্তনের চেষ্টা করেন। এসময় পিছন থেকে গুলি করলে তা নুরুল ইসলামের শরীর ভেদ করে সামনে দিয়ে বের হয়ে যায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান সিদ্দিকী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করে সন্ত্রাসী তৌহিদ বাহিনীকে আইনের আওতায় আনা হবে।





