আওয়ামী লীগ রাজনীতি শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে গেছে, সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ইদানীংকালে যা দেখছেন, আওয়ামী লীগ তো রাজনীতি স্টার্ট করেনি। আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড স্টার্ট করেছে। এটাকে কোনোভাবেই আমি রাজনীতি নাম দিতে চাই না। আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরত আসার চেষ্টা করছে। সুতরাং এটাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই না। সো আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি আরম্ভ করছে সেটা আমি বলবো না।’
সম্প্রতি আওয়ামী লীগের কয়েকজন নেতার সীমান্ত পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘নানক সাহেবরা যে গিয়েছিল বর্ডারে দেখার জন্য, এটা আমার কাছে মনে হয়েছে, এটা আওয়ামী লীগের খুব একটা হালকা ব্লাফ পলিটিক্স।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন একটা তথাকথিত ওনাদের ভাষায় যে আন্দোলন ডেকেছিল গোপালগঞ্জে করেছিল, ওখানে এই চারজন যে নেতা, এনাদের নিজস্ব এলাকা যেটা, যেমন মায়া সাহেবের চাঁদপুর, বাহাউদ্দিন নাসিমের কালকিনি, তারপর আলাউদ্দিন নাসিমের নোয়াখালী বেল্ট, আরেকজন যিনি ছিলেন নানক সাহেবের যে মোহাম্মদপুর, এসব জায়গাতে আমরা কোনো আন্দোলন দেখতে পাই নাই।’
মন্ত্রী আরও বলেন, ‘আমার মনে হয় এটা ইন্টারনাল পলিটিক্সের জন্য ওনারা রেলিভ্যান্ট থাকার জন্য হঠাৎ করে ওনারা একটু ওনাদের পার্টি পলিটিক্স একটু বর্ডারের ওপরে আসছেন।’
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। তাকে ফিরিয়ে আনতে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘তো আমার মনে হয় আপনারা আমরা সবাই জানি যে প্রচলিত আইনে বিচার হবে এবং এ রকম কোনো সুযোগ বাংলাদেশে নাই বা এই ধরনের কোনো আনরিজনেবল রিকোয়েস্ট বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করবে, এটা আসলে হাস্যকর। তো সুতরাং প্রচলিত আইনেই উনি আসবেন। যদি আসেন, উনার বিচার হবে। অথবা আমরা যেভাবে চাচ্ছি যে বন্দিবিনিময় চুক্তি বা আমাদের যে ট্রিটি এক্সট্রাডিশন ট্রিটি আছে, যেটা আমরা কাজ করছি, সেভাবে আমরা আনার চেষ্টা করে যাচ্ছি।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে যেসব কর্মকাণ্ড চালাচ্ছেন, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার বিষয় রয়েছে।
পার্থ বলেন, ‘উনি ওখানে দাঁড়িয়ে কী বললো না বললো, শেখ হাসিনা ওখানে থাকাটা এবং ওখানে বসে বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে, সেগুলি অ্যালাউ করাটা, এই জিনিসগুলো আসলে ইন্ডিয়ার সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাপারগুলোতে অনেক আলাপের ব্যাপার আছে।’
শেখ হাসিনা ভারতে কোন অবস্থানে রয়েছেন, তা বাংলাদেশের জানা নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আর আপনি যেটা বললেন যে, কোন ক্যাপাসিটিতে ওখানে আছেন উনি, সেটাও আমরা বলতে পারি না। উনি কি অ্যাসাইলামে আছেন, উনি কি ট্যুরিস্ট ভিসায় আছেন, উনি কি কীভাবে আছেন, সেটাও আমরা জানি না। আমরা প্রচলিত আইন যেটা, সেটা দিয়ে বলছি। আমাদের চোখে ওনাদের বিরুদ্ধে মামলা আছে, জাজমেন্ট হয়ে গিয়েছে। তো সুতরাং বাংলাদেশ সরকার ন্যাচারালি সেটাই দাবি করবে যে, আপনি আমাদের যে চুক্তি আছেন, সেভাবে উনি, ওনাকে পাঠাতে হবে।’
ভারতীয় গণমাধ্যম ও সরকারের অবস্থান নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমের একটি বড় অংশ বাংলাদেশ পরিস্থিতিকে হিন্দু-মুসলমানের দৃষ্টিকোণ থেকে তুলে ধরার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান গভর্নমেন্ট কী বলছে, আপনারা তো ইদানীংকালে দেখছেন, একটা বড় সেক্টর মিডিয়ার, দিকে, হিন্দু-মুসলমানের দিকেও অ্যাঙ্গেল করার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে সেখানকার লোকাল গভর্নমেন্ট বা বিজেপির গভর্নমেন্ট চেষ্টা করছে বোঝানোর জন্য যে, এখানে পলিটিক্যালি হিন্দু কমিউনিটি বা যারা আছেন, তাদের এখানে খুব অসুবিধা হচ্ছে, এ রকম একটা ইম্প্রেশন দিয়ে, অ্যান্ড দ্য অনলি সেভিয়ার ইজ শেখ হাসিনা। এই কারণে ওনার গুরুত্ব ওখানে বাড়ানোর চেষ্টা করছে।’
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘একজন গণহত্যাকারী যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার কথা এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের জনগণের টাকায় বা লুটপাট করে, বাংলাদেশের জনগণকে হত্যা করে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।’
তিনি আরও বলেন, ‘আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড উনি এত ইম্পর্টেন্ট কেন, তার কথাগুলা বা সে কীভাবে আসবে না আসবে, বাংলাদেশের আইন, বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে, সেটা ফলো করেই জানতে হবে। কাজেই উনি কীভাবে আসতে চাচ্ছেন, উনি কীভাবে কী করতে চাচ্ছেন, এটা থেকে বাংলাদেশের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার মনে হয় ওগুলাতে কনসেন্ট্রেট করা উচিত, বাংলাদেশের জনগণের পক্ষে উন্নয়নের বিষয়ে, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি, ইন্টারনাল সিকিউরিটি, এসব নিয়ে কথা বলাটা মনে হয় এগুলার সময় এখন।’