শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি শুরু

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন শুনানি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বুধবার (২১ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালামের আদালতে এ শুনানি সম্পন্ন হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলায় বর্তমানে ৩০ জন আসামি কারাগারে রয়েছেন। বুধবার তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২০ জনের অব্যাহতির আবেদনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন জানান, ৯ ফেব্রুয়ারি বাকি ১০ আসামির অব্যাহতির আবেদনের ওপর শুনানি হবে। এরপরই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর বিষয়ে আদেশ দেবেন আদালত।
মামলার চার্জশিট অনুযায়ী, পলাতক ২৫৬ জন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। কারাগারে থাকা উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, জয় বাংলা ব্রিগেডের প্রধান কবিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সোহানা পারভীন রুনা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেডের’ এক জুম মিটিংয়ে অংশ নিয়ে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে উৎখাতের নির্দেশনা দেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করেন। ওই বছরের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক মামলাটি দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ৩০ জুলাই ২৮৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর আগে আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।












