শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ

শেরপুরের শ্রীবরদীতে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের মৃত্যু এবং দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাঈদ মো. সুজা উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা আরও বলেন, ৫ আগস্টের পর দেশে পুনরায় ফ্যাসিবাদী বা আধিপত্যবাদী কোনো শক্তির উত্থান ঘটলে ছাত্র-জনতা তা কঠোরভাবে প্রতিহত করবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, উপজেলা সভাপতি মো. আকবর হোসেন, সহ-সভাপতি মো. শামসুল হক ও প্রচার সম্পাদক মো. আজগর আলী। এ ছাড়া এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মো. নাজমুল হাসান এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মো. আদহাম আহমেদসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।











