সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন দৈনিক সাঙ্গু- কবির হোসেন সিদ্দিকী
বৃহত্তর চট্টগ্রামের গণমানুষের দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপনের সঞ্চালনায় তিনি বলেন, দৈনিক সাঙ্গু দীর্ঘ ২৫ বছর ধরে সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন থেকে সংবাদ পরিবেশন করে আসছে। এই পথচলা শুধু একটি পত্রিকার নয়, এটি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম।
তিনি বলেন, পাহাড়ি অঞ্চল ও প্রান্তিক জনপদের মানুষের কথা মূলধারার গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে দৈনিক সাঙ্গু শুরু থেকেই সাহসী ভূমিকা পালন করেছে। কোনো চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে সত্য প্রকাশের এই অবস্থানই দৈনিক সাঙ্গুকে পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
কবির হোসেন সিদ্দিকী আরও বলেন, উপজেলা পর্যায়ে রজতজয়ন্তী উদযাপনের সূচনা কাপ্তাই থেকে হওয়া অত্যন্ত গৌরবের বিষয়। এই আয়োজন প্রমাণ করে, দৈনিক সাঙ্গু কেবল শহরকেন্দ্রিক সংবাদে সীমাবদ্ধ নয়; বরং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে তুলে ধরছে। কাপ্তাইয়ের এই আয়োজনের ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উদযাপন করা হবে। পাশাপাশি আগামী ১ ফেব্রুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সংবাদপত্রের দায়িত্ব শুধু তথ্য প্রকাশ নয়, বরং সমাজের পক্ষে দাঁড়িয়ে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলা। দৈনিক সাঙ্গু সেই দায়িত্ববোধ থেকেই দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করে যাচ্ছে।
তিনি দৈনিক সাঙ্গুর সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকদের নিষ্ঠা ও পাঠকদের আস্থাই দৈনিক সাঙ্গুর সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও জনস্বার্থে ও গণমানুষের পক্ষে আপসহীন সাংবাদিকতা অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, কাপ্তাই পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তী উৎসব উদযাপন করা হয়।











