সব ধর্মের সমান অধিকারে বিশ্বাসী বিএনপি: সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন, বিএনপি সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান অধিকার এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলায় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, “আমাদের একটাই পরিচয়—আমরা বাংলাদেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সকল সম্প্রদায়ের অধিকার রক্ষায় যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তা ইতিহাসস্বীকৃত। বিএনপি সেই ধারাবাহিকতায় জাতীয়তাবাদে বিশ্বাস করে আগামীর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়।”
সভায় ধানের শীষকে স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, “তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানই প্রমাণ করে যে দল সবার সমান অধিকারে বিশ্বাসী।”
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারি এবং চট্টগ্রাম মহানগর বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বিএনপির নির্বাচনী কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ করেন।





