সাংবাদিক আরাফাত সানীর মুক্তির দাবিতে উখিয়ায় মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি আরাফাত সানীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উখিয়া অনলাইন প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উখিয়া স্টেশনে আয়োজিত এই কর্মসূচিতে কক্সবাজারের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অবিলম্বে সানীকে মুক্তি না দিলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোস্টগার্ডের অভিযানে এক জেলের মৃত্যুকে ঘিরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আরাফাত সানীকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালন শেষে গত ২৪ জানুয়ারি সেন্টমার্টিন থেকে ফেরার পথে টেকনাফ জেটি এলাকায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারের ‘নাটকীয়’ অভিযোগ এনে আদালতে চালান দেওয়া হয়।
বক্তারা বলেন, “আরাফাত সানীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং স্বাধীন সাংবাদিকতা দমনের অপচেষ্টা। একটি প্রভাবশালী মহল নিজেদের অপকর্ম ঢাকতে তাঁকে ফাঁসিয়েছে।” গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের কণ্ঠরোধের সংস্কৃতি বন্ধ করে অবিলম্বে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে উখিয়া অনলাইন প্রেস ক্লাব ও উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে ঘোষণা দেওয়া হয়, সাংবাদিক সানীর মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।










