সাতকানিয়ায় চোরাই মোটরসাইকেলসহ দুর্ধর্ষ রোহিঙ্গা চোর গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ২৪ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা চোর চক্রের সদস্য ও মাদক পাচারকারী রোহিঙ্গা যুবক ফয়সালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৯ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ফয়সাল মিয়ানমারের নাগরিক দিল মুহাম্মদের ছেলে। পুলিশ জানায়, সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ মহসীনের ব্যবহৃত মোটরসাইকেলটি সম্প্রতি কেরানিহাট এলাকা থেকে চুরি হয়। মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ টেকনাফে অভিযান চালিয়ে ফয়সালকে আটক করে এবং তার হেফাজত থেকে চুরি হওয়া যানটি উদ্ধার করে।
অনুসন্ধানে জানা গেছে, ফয়সালের পরিবার টেকনাফের বালুখালী ক্যাম্প থেকে পালিয়ে সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের হরিণতোয়া এলাকায় বন গবেষণা ইনস্টিটিউটের পাহাড়ি জমি দখল করে অবৈধ বসতি গড়ে তুলেছে। দিল মুহাম্মদের নেতৃত্বে ওই এলাকায় প্রায় ১২০ জন রোহিঙ্গা বসবাস করছে, যারা স্থানীয়দের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির মাধ্যমে মূল জনস্রোতে মিশে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। দিল মুহাম্মদের পরিবারের ৫ সদস্যের কাছে ইতোমধ্যে ভুয়া এনআইডি রয়েছে এবং অন্যদের জন্যও সেই প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় পুলিশের নজরদারির বাইরে থেকে এই রোহিঙ্গা পল্লীটি মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ফয়সালের বিরুদ্ধে এর আগেও বান্দরবান সদর থানা এবং সাতকানিয়ার বিভিন্ন এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, “মোটরসাইকেল চুরির ঘটনায় ফয়সালকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চোর চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে এবং অবৈধ বসতি স্থাপনকারীদের বিষয়ে আরও অনুসন্ধান চালিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”











