সাত জেলায় নতুন পুলিশ সুপার
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সাত জেলায় নতুন পুলিশ সুপার

সাত জেলায় নতুন পুলিশ সুপার
ছবি সংগৃহীত।

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে, লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে, নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে, খুলনার পুলিশ সুপার করা হয়েছে এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে, ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীনকে, গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে এবং নওগাঁর পুলিশ সুপার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে।

এছাড়া পুলিশের আরও ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।




চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই দেশের আইনকানুন ও ঐতিহ্য মেনে চলবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

পরে রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।




পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,পলাতক ফ্যাসিস্টরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাই না, তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’

প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’

তিনি বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’

বিজয়ের মাস উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।’




চাহিদা পাওয়া গেছে ১০৪৮ কর্মীর

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত।

আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো শুরু হচ্ছে। আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের বিদায় শুভেচ্ছা জানাবেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন কর্মী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

এদিন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে আজ সন্ধ্যায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। তারা ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া)-তে মাসিক ১ জাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে, তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে, নিয়োগকর্তার দেওয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শূন্য মানে শূন্য। এই কর্মসূচিতে কর্মীকে বোয়েসেল বা অন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সমুদয় ব্যয় নিয়োগকর্তা বহন করছে। জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের সাশ্রয় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

কর্মী বাছাই স্বচ্ছ ও দালালমুক্ত ছিল জানিয়ে তিনি বলেন, ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন, এবং নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে ১১২ জন নির্বাচিত হন।

রাশেদুল হক বলেন, এটি কেবল শুরু। মালয়েশিয়ার ৪টি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। ডিএইচএল (১১২), টপ গ্লোভ (৩৭৯), তাতাওয়া ইন্ডাস্ট্রি (৩২) ও ইউনাইটেড প্লান্টেশন (৫২৫)।

কবে নাগাদ দ্বিতীয় দফার কর্মীরা মালয়েশিয়া যাবেন জানতে চাইলে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এটি ৫ ডিসেম্বর বা ৯ ডিসেম্বর হতে পারে। পরবর্তীতে যাদের পাঠানো হবে তারা অন্য আরেকটি কোম্পানিতে যাবেন।

সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে, যাদেরকে লটারির মাধ্যমে বাছাই করা হচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার হবে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা।

২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় বাজার বন্ধ। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। জুনে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশিদের জন্য শ্রমবাজারটি খুলে দিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথমবার বন্ধ হয় ২০০৮ সালে। এরপর ২০১৬ সালে শ্রমবাজারটি আবার খোলা হলেও দুর্নীতির অভিযোগের মুখে ২০১৮ সালে ফের বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০২২ সালে বাজারটি আবার খুললেও ২০২৪ সালে বন্ধ হয়ে যায়।

২০১৮ এবং ২০২২ সালে সই করা সমঝোতায় স্মারকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৩১ মে বন্ধ হওয়া দেশটির শ্রমবাজারে বন্ধ দুয়ার আজ খুলছে।