সাবেক এমপি ব্যারিস্টার আনিসুলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৫

হাটহাজারীর সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে মধ্যরাতে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
রবিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, গতকাল গুমানমর্দ্দন ইউনিয়নের ১নং ওয়ার্ডের আহসান উল্লাহ চৌধুরী বাড়ির ফজলুল গণি মাহমুদের পুত্র মোহাম্মদ ওমর আলী ফয়সাল বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২২)। এই মামলার তদন্ত কর্মকর্তাও নাজমুল হাসান নিজে।
গ্রেফতারকৃতরা হলেন—গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাহবুল আলম বাবুলের ছেলে মাহফুজ আলম ওরফে মানিক (১৯) ও লিয়াকত আলীর পুত্র আবদুল হক (২০); একই এলাকার ৪নং ওয়ার্ডের আজিজুর রহমানের পুত্র মো. মিনহাজুর রহমান (১৯); মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল পূর্ব খন্দকার পাড়ার রফিকের পুত্র মো. মইনুল হোসেন (২১) এবং হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর এলাকার মো. জাহাঙ্গীরের পুত্র আল-নাহিয়ান (২০)।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ২০/৩০টি মোটরসাইকেল ও ২টি হাইয়েস মাইক্রোবাসযোগে অজ্ঞাতনামা ৫০/৬০ জন সন্ত্রাসী দেশীয় আগ্নেয়াস্ত্র, রামদা, কিরিচ, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে বাদীর চাচাতো ভাই সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়ির আঙিনায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর জোরপূর্বক তারা বাড়ির সদর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিনসহ আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায় এবং আলমারি ভেঙে নগদ ৪ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও গ্যারেজে রক্ষিত আকবর হায়দার চৌধুরীর মালিকানাধীন একটি কার (চট্টমেট্টো গ-১১-৯৪২৯) গান পাউডার দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয়, যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। এক পর্যায়ে সন্ত্রাসীরা পুরো বাড়িতে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির তিন তলা পর্যন্ত সমস্ত ফার্নিচার, ক্রোকারিজ ও কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পুলিশ আসার আগেই লুণ্ঠিত মালামালসহ তারা পালিয়ে যায়।
প্রসঙ্গগত, গত ১৯ ডিসেম্বর রাত ১২টার দিকে হাটহাজারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি প্রাইভেটকার ভস্মীভূত হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারিক আজিজ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হবে।











