সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশে আদালত অবমাননার হুঁশিয়ারি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পর্কে ভবিষ্যতে কোনো প্রকার মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ প্রকাশ অথবা প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রচারের আগে সুপ্রিম কোর্টের 'মিডিয়া ফোকাল পারসন' অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে অসত্য তথ্য পরিবেশন আদালত অবমাননার শামিল, যা আদালতের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।
সম্প্রতি প্রধান বিচারপতি নিয়োগ ও বেঞ্চ গঠন নিয়ে গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদের কঠোর সমালোচনা করে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, জ্যেষ্ঠতা লঙ্ঘন বা বেঞ্চ না পাওয়ার কারণে কোনো বিচারপতি ছুটিতে যাননি। প্রকৃত তথ্য হলো, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তাঁর মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, সংবাদ প্রকাশের আগে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে তথ্যের যথার্থতা যাচাই করলে এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হতো না। জনমনে বিভ্রান্তি এড়াতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।












