সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরল আরও একটি বম পরিবার

বান্দরবান রিজিয়নের ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১১ মাস পর থানচি উপজেলার সীমান্ত সংলগ্ন শেরকর পাড়ায় ফিরেছে আরও একটি বম পরিবার। গত বুধবার বিকেলে ছয় সদস্যের এই পরিবারটি বাকলাই পাড়া সেনাক্যাম্পে পৌঁছালে তাঁদের চিকিৎসা সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাঁরা নিজ গ্রামে বসতবাড়িতে ফিরেছেন।
জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে পরিবারটি গ্রাম ছেড়ে ভারতের মিজোরামে চলে গিয়েছিল। দীর্ঘ ১১ মাস ১৯ দিন পর গত ২৫ জানুয়ারি তাঁরা হরিণা হয়ে বান্দরবানে ফিরে আসেন। বাকলাই পাড়া সেনাক্যাম্পের পক্ষ থেকে ফেরার পথে তাঁদের প্রয়োজনীয় নিত্যসামগ্রী ও শুকনো খাবার সরবরাহ করা হয়।
নিজ ভিটায় ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবারের প্রধান সুনখুপ বম (৭৬) বলেন, “অন্যান্য পাড়া থেকে চলে যাওয়া বম পরিবারগুলো ফিরে এসে সুখে-শান্তিতে বসবাস করছে জানতে পেরে আমরাও ফেরার সিদ্ধান্ত নেই। সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরতে পেরে আমরা অনেক কৃতজ্ঞ।” প্রাতা পাড়ার কারবারি পারকেলিং বম বলেন, সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টায় জনশূন্য বম পাড়াগুলো পুনরায় প্রাণ ফিরে পাচ্ছে।
১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকলাই পাড়া সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিফ হাসান জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন, পুনর্বাসন, নিরাপত্তা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি পাড়ার শিশুদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার এবং পড়াশোনার বিষয়েও উৎসাহ প্রদান করেন।











