হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য আটক

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর ভোর ৫টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদণ্ডী ইউনিয়নের নন্দীরহাটের পাশে চট্টগ্রাম টু হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের ধোপার দিঘীর পাড় এলাকায় রাস্তার ওপর পরস্পর যোগসাজশে নিষিদ্ধ সংগঠনের ১৫-২০ জনের একটি দল তাদের সমর্থন বা কর্মকাণ্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে মিছিলে বিভিন্ন স্লোগান দিয়ে চট্টগ্রাম অক্সিজেন সড়কের ধোপার দিঘীর পাড় এলাকায় ঝটিকা মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, মিছিলটি মাত্র ৩ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। পরে পুলিশের নজরে এলে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মুরাদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় হতে মিছিল নিয়ে ধোপার দীঘির পাড় আসে। এসময় মিছিলে স্লোগান দেয় "অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানবো না", "শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে", "চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে", "জয় বাংলা জয় বঙ্গবন্ধু"। মিছিলে অনেকের মুখ ঢাকা ছিল, আবার অনেকের মুখ খোলা ছিল।
আটককৃতরা হলো, ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদারুল আলমের পুত্র জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ইউনিয়নের টেন্ডলের বাড়ির ইসমাইল হোসেনের পুত্র মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউনিয়নের সানাউল্লাহ পাড়া গ্রামের মৃত শাহ আলমের পুত্র মো. শাহাদাত হোসেন (৪৪) এবং ১নং সিটি কর্পোরেশন দক্ষিণ পাহাড়তলী এলাকার নুরুল আলমের পুত্র মো. হাবিবুল আলম (২৫)। এছাড়াও অভিযান চালিয়ে জড়িত আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়: কক্সবাজার জেলার ফোরকান আহমেদের পুত্র মো. শফি আলম (৩৫) এবং হাটহাজারী থানার সিকদার বাড়ি এলাকার মৃত ননা মিয়ার পুত্র মো. আরিফ (৩০)।
আটককৃতদের সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া মুঠোফোনে জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি পুলিশের নজরে এলে দ্রুত ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।












