হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী মাহিমের মৃত্যু

হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ৫ দিন পর গুরুতর আহত মাহিম চৌধুরী (১৮) মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহিমের চাচাতো ভাই লিয়াকত আলী চৌধুরী।
মাহিম চৌধুরী হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মাহবুবুল বশর চৌধুরীর ছেলে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি অটোরিকশায় চড়ে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য হাটহাজারী সরকারি কলেজে আসছিল। এ সময় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চাড়িয়া বোর্ড স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো গ ১৩-২৬২৫) সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাচালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হয়।
এ ঘটনায় অটোরিকশাচালক এরশাদ উল্লাহ (৪০) নিহত হন। এ সময় মাহিম চৌধুরীসহ তার সহপাঠীরা গুরুতর আহত হয়। মাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরিস্থিতির অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহিমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বর্তমানে ঢাকা থেকে মাহিমের মরদেহ গ্রামের বাড়িতে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।





