হামে আক্রান্তদের পাশে বান্দরবান সেনা জোন, সদর হাসপাতালে জোন কমান্ডারের মানবিক পরিদর্শন

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, “কোনো রোগীর উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের মেইন ড্রেসিং স্টেশনের (MDS) মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সুবিধাও নিশ্চিত করা হবে।”
পরিদর্শন শেষে জোন কমান্ডার চিকিৎসাধীন সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে বান্দরবান সেনা জোনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত রোগী ও তাঁদের স্বজনরা এই মানবিক উদ্যোগের জন্য বান্দরবান সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।











