৩ দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, আমজনগণ পার্টি ও এনসিপি

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ২২টি দলের প্রাথমিক তদন্ত হয়। এই ২২টির মধ্যে সাতটি দল যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়নি। এছাড়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, বাকিগুলোর পুনরায় তদন্তের পর তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দলগুলো হলো— বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আখতার আহমেদ বলেন, আগামীকাল (বুধবার) এসব দলের বিষয়ে দাবি-আপত্তি আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পরই চূড়ান্তভাবে দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়া হবে।












