অগ্নিকাণ্ড প্রতিরোধে মিরসরাইয়ে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক গণসংযোগ
মিরসরাইয়ে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও দুর্ঘটনা মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে গণসংযোগ করেছে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকার বিভিন্ন দোকানপাট, বাসস্ট্যান্ড ও পথচারীদের মাঝে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস। তিনি ব্যবসায়ী, ক্রেতা–বিক্রেতা ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় করণীয় তুলে ধরেন।
স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘অধিকাংশ অগ্নিকাণ্ডই ঘটে মানুষের অসতর্কতার কারণে। অনেকেই দোকানের বৈদ্যুতিক সংযোগ বন্ধ না রেখে বাড়ি চলে যান, আর এতে শর্ট সার্কিটের ঝুঁকি তৈরি হয়। তাই এসব বিষয়ে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ।’ তিনি আরো বলেন, আমাদের মাঝে কিছু ভ্রান্ত ধারনা রয়েছে যে, ফায়ার সার্ভিসকে কল দিলে টাকা লাগে, আসলে ফায়ার সার্ভিস কোনো টাকা নেয় না, আমরা সর্বদা বিনামূল্যে মানুষের সেবায় নিয়োজিত রয়েছি।
গণসংযোগ শেষে দোকানদার ও সাধারণ মানুষের মাঝে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার নম্বরযুক্ত প্রচারপত্র বিতরণ করা হয়।












