অধস্তন আদালতের ডিসেম্বরের ছুটি কমিয়ে দুই ভাগে ভাগ

দেশের অধস্তন আদালতে ডিসেম্বর মাসের টানা ৩০ দিনের বার্ষিক অবকাশ আর থাকছে না। এর পরিবর্তে এখন থেকে ডিসেম্বর ও জুন মাসে ১৫ দিন করে মোট এক মাস ছুটি কাটাবেন বিচারকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী’র সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত এই সভায় হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশগ্রহণ করেন। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে প্রতি বছরের ১ জুন থেকে ১৫ জুন এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। চলতি বছর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
সুপ্রিম কোর্ট সচিবালয় সূত্র জানায়, আদালতের বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং মামলার জট নিরসনের লক্ষ্যেই এই দীর্ঘ ছুটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। টানা এক মাস আদালত বন্ধ থাকার ফলে বিচারপ্রার্থীদের যে দীর্ঘসূত্রতায় পড়তে হতো, নতুন এই সিদ্ধান্তে তা অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের জনবল কাঠামো শক্তিশালী করতে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়নের বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে ইতোমধ্যে ৬ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্টের নবনির্মিত রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত স্থায়ী এই সভায় বিচার বিভাগের সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোগত বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।












