অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া সাতকানিয়ায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সাংবাদিকদের সাথে নাজমুল মোস্তফা আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, থানা থেকে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে এই আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কেরানিহাটের উত্তর পাশে সী ওয়ার্ল্ড রেস্টুরেন্টে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাজমুল মোস্তফা আমিন অভিযোগ করেন, ৫ আগস্টের পর সাতকানিয়ায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় প্রকৃত অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এবং ওই হত্যাকাণ্ডে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে প্রতিদিন কোনো না কোনো অজুহাতে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অপরাধের বিরুদ্ধে কথা বললেই নির্যাতন ও হয়রানি শুরু হচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া উভয় এলাকাই বর্তমানে অবৈধ অস্ত্রের ঝুঁকিতে রয়েছে। তাই নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে চিরুনি ও সাঁড়াশি অভিযান চালানো জরুরি বলে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। অন্যথায় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সাধারণ ভোটারদের ভোটাধিকার হরণ করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে বিএনপি প্রার্থী বলেন, বিএনপি কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না এবং ভোটাররা যদি নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন, তবে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে ভোটারদের ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার এবং প্রকৃত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন বক্তব্য দেন। তিনি বিএনপিকে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের দল হিসেবে উল্লেখ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের সব খাতে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











