আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি শ্রী গনেশ গ্রেপ্তার

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ২০২৪ সালে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় চিন্ময় দাসের অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে এবং তাকে কারাগারে নেওয়ার পথে বাধা দেয়।
একপর্যায়ে বিক্ষোভকারীরা আদালত প্রাঙ্গণে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় একটি আইনজীবীর চেম্বার ক্ষতিগ্রস্ত করে। পরে আদালতের বিপরীত পাশে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় বিক্ষোভে অংশ নেওয়া একদল লোক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। এই ঘটনায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি টানা দুই দিন কর্মবিরতি পালন করে।
ঘটনার পর নিহত আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কোতোয়ালী থানায় নথিভুক্ত হয় মামলা নম্বর ৪৬(১১)২৪, জি আর নম্বর ৫০৯/২০২৪। মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২, ৩৪ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়।
র্যাব-৭ জানায়, ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে।
এরপর ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন লালদীঘি কোর্ট রোডের জেলা পরিষদ সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে শ্রী গনেশ প্রকাশ শ্রী গনেজ (১৯) কে গ্রেপ্তার করে। তার পিতা শেরীপ প্রকাশ শরিফ দাশ। তিনি কোতোয়ালী থানার সেবক কলোনীর বাসিন্দা।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।












