আমদানি থেকে মুক্তি পেতে উৎপাদনমুখী ব্যবসার বিকল্প নাই: ডা. আজিম

ইনডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম বলেছেন, "আইবিডব্লিউএফ শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনমুখী ব্যবসায় ধাবিত করে সৎ ব্যবসায়ী তৈরি করবে, যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। আমদানিমুখী ব্যবসা থেকে মুক্তি পেতে উৎপাদনমুখী ব্যবসার বিকল্প নাই। এ সংগঠন দেশে মানসম্মত পণ্য উৎপাদন করে আন্তঃদেশীয় ব্যবসা আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখছে।"
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার এমসি কমিটির সাথে নগরীর একটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, আইবিডব্লিউএফ চট্টগ্রাম জোন-এর সহ-সভাপতি শিল্পপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন, সদস্য আজিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি, সাতকানিয়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এ সংগঠন ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদিত কৃষিজ পণ্য বাজারজাতকরণ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকরী ভূমিকার পাশাপাশি যুবকদের অল্প পুঁজিতে ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করছে।"
সংগঠনের দক্ষিণ জেলার সেক্রেটারি সৈয়দ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, দক্ষিণ জেলার সহ-সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী, ফরিদ উদ্দিন, সহ-সেক্রেটারি দিদারুল আলম, আলী নেওয়াজ চৌধুরী ইরান, এস এম কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক কাজী জসীম উদ্দীন, কার্যকরী কমিটির সদস্য মো. জুনায়েদ, আজগর আলী, মো. হাসান, নুরুল ইসলাম রাজা, ইয়াসিন মোসাদ্দেক চৌধুরী, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ, শেখ কামাল, কর্ণফুলী উপজেলা সভাপতি মুহাম্মদ ইলিয়াস ও বোয়ালখালী উপজেলা সভাপতি নওরীন ওসমান চৌধুরী প্রমুখ।











