আরাকান আর্মি সংযোগে পণ্য পাচার: সমুদ্রে অভিযানে সিমেন্ট জব্দ, মূলহোতা আটক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

আরাকান আর্মি সংযোগে পণ্য পাচার: সমুদ্রে অভিযানে সিমেন্ট জব্দ, মূলহোতা আটক

আরাকান আর্মি সংযোগে পণ্য পাচার: সমুদ্রে অভিযানে সিমেন্ট জব্দ, মূলহোতা আটক
ছবি সংগৃহীত।

মায়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মির’ নিকট রসদ সরবরাহের সময় ৯০০ বস্তা সিমেন্ট ও পাচারকাজের মূলহোতাসহ ১৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাব। 

মঙ্গলবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর অভিযানের তথ্য নিশ্চিত করেন।

অভিযানের সূত্রপাত হয় গত সোমবার ভোর ৪টায়, যখন বিসিজি স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসময় বোটের মাঝিসহ ১৩ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

পরবর্তীতে আটককৃত বোট মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে কোস্ট গার্ড ও র‍্যাব-১৫ এর একটি চৌকস দল কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী এলাকায় যৌথ অভিযান চালায়। এই অভিযানে মায়ানমারে পণ্য পাচার সিন্ডিকেটের অন্যতম মূলহোতা মোঃ আজিম উল্লাহকে আটক করা হয়। আটককৃত আজিম উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এই পাচার চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

​জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আজিম উল্লাহ মূলত মায়ানমারে অবস্থানকারী আনোয়ার নামক এক ব্যক্তির মাধ্যমে সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা গ্রহণ করত। পরবর্তীতে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার অসাধু বোট মালিকদের সহযোগিতায় সাগরপথে এসব পণ্য মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিকট পৌঁছে দেওয়া হতো। ভয়ংকর তথ্য হলো, এই পণ্যের বিনিময়ে পাচারকারীরা মায়ানমার থেকে মাদক ও বিদেশি সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য বাংলাদেশে নিয়ে আসত। আজিম উল্লাহর ব্যবহৃত মুঠোফোন পর্যালোচনা করে এই পাচারকাজের মাধ্যমে সংঘটিত কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর এই প্রভাবশালী পাচার সিন্ডিকেটটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। জব্দকৃত সিমেন্ট ও বোটসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মায়ানমার সীমান্তে পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।