ইসলামী ব্যাংকে চাকরি পূর্ণবহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে নিয়োগপ্রাপ্ত অফিসারদের হঠাৎ গত ২৮ সেপ্টেম্বর থেকে দফাায় দফায় টার্মিনেশন লেটার প্রদান করা হয়েছে এ অভিযোগ তুলে চাকরি পূর্ণবহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম-কঙ্বাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরস্থ ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে সাতকানিয়া-লোহাগাড়ার ব্যাংকার পরিবারসহ সর্বস্থরের জনসাধারনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। টার্মিনেশনের শিকার কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, মো. করিম, আজিজুল হক, মো. সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রহমান এবং পরিবারের পক্ষ থেকে আহমদ হোসেন।
বক্তারা বলেন, বর্তমান এমডি ওমর ফারুক ও এএমডি কামাল উদ্দিন জসিমের কাছে ২০১৭ সালে মৌখিক ও যাবতীয় যাচাই-বাছাই শেষে ইসলামী ব্যাংকে যোগদান করি। আমরা কেউই রাজনৈতিক বা অন্য কোনো ধরনের প্রভাবের মাধ্যমে চাকরিতে প্রবেশ করিনি। দীর্ঘ ৭ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে টার্মিনেশন লেটার দেওয়া মানবিকতার পরিপন্থী।
বক্তারা আরও বলেন, ব্যাংকের নীতিমালা অনুযায়ী আমরা সব যোগ্যতা পূরণ করলেও অযৌক্তিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এতে আমাদের পরিবার-পরিজন পথে বসার উপক্রম হয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবিলম্বে টার্মিনেশন বাতিল ও পূর্ণবহাল করতে হবে।
এ সময় বক্তারা ব্যাংক কর্তৃপক্ষের কাছে টার্মিনেশন বাতিল, ক্ষতিগ্রস্তদের পুনর্বহাল, তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু যাচাই-বাছাই এবং তারা যে নিয়মিত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি স্পষ্ট করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা জানান, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত সমাধান না মিললে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন।
চাকরি হারানোর আতঙ্কে হতাশ পরিবারগুলোর পক্ষে আহমদ হোসেন বলেন, হঠাৎ চাকরি চলে যাওয়ায় এসব তরুণদের পরিবারে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। ব্যাংকের প্রতি তাদের দীর্ঘ দিনের আনুগত্যের মূল্য এভাবে দেওয়া হতে পারে না। মানববন্ধনে সাতকানিয়া-লোহাগাড়ার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে আয়োজকরা দাবি করেন।











