ঈদগাঁও পোকখালীতে রান্নাঘর থেকে চার সন্তানের জননীর ঝুলন্ত ম'রদেহ উদ্ধার

ক্সবাজারের ঈদগাঁওতে নিজ বাড়ির রান্নাঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমা আক্তার (২৭) নামে চার সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কুলছুমা আক্তার ওই এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী। তার পৈত্রিক বাড়ি পাশের রামু উপজেলার ঈদগড় এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে কুলছুমার সন্তানরা পাশের ঘরে পড়তে গেলে তিনি বাড়িতে একা ছিলেন। এ সময় তার এক দেবর কাজ থেকে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করলে রান্নাঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমার মরদেহ ঝুলতে দেখেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










