ঈদগাঁওয়ে বেশি দামে গ্যাস বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় তিন দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজার ও ইসলামাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। এসময় ঈদগাঁও থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
আদালত সূত্র জানায়, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে দেখা যায়, ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে চড়া দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। এই অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম জানান, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অসাধু ব্যবসায়ীদের রুখতে এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”










