ঈদগড়ে গোলাবারুদসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানা পুলিশের অভিযানে গোলাবারুদসহ এক পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে ঈদগড় পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ খোরশেদ আলম ও এএসআই মুহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকার নিজ বাড়ি থেকে নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদারকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর তার বসতঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গোলাবারুদ শনিবার (১৮ জানুয়ারি) রাত ৩টার দিকে জব্দ তালিকাভুক্ত করা হয়।
থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উদ্ধারকৃত গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। পুলিশ জানায়, তিনি দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী।
এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।










