ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর নিরাপত্তায় রামু থানায় খামারিদের সঙ্গে মতবিনিময় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশুর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রামু থানা-পুলিশ।
কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় রামু থানার উদ্যোগে খামারি ও সংশ্লিষ্টদের নিয়ে গতকাল সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোরবানির পশু পরিবহন, খামারের নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে রামু থানার সকল কর্মকর্তা এবং খামারিদের সমন্বয়ে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। গ্রুপটিতে থানা এলাকায় রাতে দায়িত্বরত সকল ডিউটি পার্টির ইনচার্জদের নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত যোগাযোগ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঈদকে কেন্দ্র করে গবাদি পশু চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। পাশাপাশি খামারিদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।










