ঈদের আগের দিন স্বস্তি, মহাসড়কে নেই যানজট

আগামীকাল শনিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন কয়েক কোটি মানুষ।
ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ছিল যানবাহনের তীব্র চাপ। কোথাও কোথাও ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখো যাত্রীদের।
তবে ঈদের ঠিক আগের দিন শুক্রবার পরিস্থিতির উন্নতি হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই কোনো যানজট, ফিরেছে স্বাভাবিক গতি। এতে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।
এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ দিনে সেতু দিয়ে মোট ২ লাখ ৫২ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, আগের দিন সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়। তবে সেগুলো সরিয়ে নেওয়ার পর রাত সাড়ে ৮টার পর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, গতকাল রাত থেকেই যানবাহনের চাপ কমে গেছে। ফলে কোনো ধরনের যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। শুক্রবার সকাল পর্যন্ত মহাসড়কে স্বাভাবিক গতিতেই যান চলাচল করেছে।












