উখিয়ায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ জঙ্গল থেকে উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ব্যবসায়িক কাজে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর হাসেম (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (০২ জানুয়ারি) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়াপাড়া এলাকার একটি নার্সারি সংলগ্ন জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসেম রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুছরী এলাকার বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ব্যবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের দাবি, হাসেমকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
রাজাপালং ইউনিয়নের সদস্য ছৈয়দ হামজা জানান, হাসেমসহ দুই ব্যবসায়ী ক্যাম্পে গিয়েছিলেন। একজন ফিরে আসলেও হাসেম নিখোঁজ থাকেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ সকালে স্থানীয়রা জঙ্গলে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় ৪ জন গরু ব্যবসায়ী ও রোহিঙ্গা সন্ত্রাসী চক্র এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”










