নাইক্ষ্যংছড়িতে ইউএনডিপি’র পণ্য বিতরণ: উপজাতি ও বাঙালি মিলিয়ে ৭১৫ নাগরিক পেলেন কৃষি ও ক্রোকারিজ সামগ্রী

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ইউএনডিপি (UNDP) বান্দরবান কর্তৃক নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নের স্থানীয় সাধারণ নাগরিকদের মধ্যে বিভিন্ন পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরস্থ জেলা পরিষদ রেস্টহাউস প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপজাতি ও বাঙালি মিলিয়ে মোট ৭১৫ (সাত শত পনের) জন নাগরিককে যাতায়াত বাবদ নগদ ২০০ (দুইশত) টাকাসহ বিভিন্ন ক্রোকারিজ ও কৃষি পণ্য— যেমন বালতি, হাঁড়ি-পাতিল, চামচ, কাপ ও কীটনাশক স্প্রে প্রভৃতি— বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ইউএনডিপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ-এর উপজেলা ফেসিলিটেটিং অ্যাসোসিয়েট সামিউল আলম এবং মনিটরিং অফিসার আশরাফুল আজিম।
বিতরণে বৈষম্যের অভিযোগ:
তবে উল্লেখ্য, বান্দরবান জেলা পরিষদ ও ইউএনডিপি কর্তৃক বৈষম্য সৃষ্টি করে এই বিতরণ করা হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। তাঁদের দাবি, মোট ৭১৫ জনের মধ্যে বাঙালিদেরকে 'নামেমাত্র' সামগ্রী দেওয়া হয়েছে, আর উপজাতিদের মধ্যে বিতরণ করা হয়েছে বেশিরভাগ সামগ্রী।











