এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী
ছবি সংগৃহীত।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের যেন আরও একটি বছর নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার এক বিষয়ে ফেল করেছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী মিলিয়ে মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের পরীক্ষা নিতে হবে। এবার মোট অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন।

তিনি বলেন, ‘যারা এক ও দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে, তাদের পরীক্ষা আমরা এক মাসের মধ্যে নিয়ে নেব। তাহলে যেন তাদের আগামী দিনে আর একটি বছর নষ্ট না হয়। এটি হচ্ছে আমাদের পরবর্তী পরিকল্পনা।’

পরীক্ষার সময় নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সাত বা ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এতে শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি থাকবে। আবার পরীক্ষা পিছিয়ে গেলে তাদের ভর্তি কার্যক্রমেও প্রভাব পড়বে। এ কারণে শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় নির্ধারণ করা হবে। তবে এক মাসের বেশি সময় দেওয়া সম্ভব হবে না।

খাতা পুনর্নিরীক্ষণের বিষয়ে তিনি বলেন, আগামী ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। গত এইচএসসি পরীক্ষায় প্রায় ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছিল। সেগুলো যাচাই করে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছিল। প্রায় ৫ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছিল এবং ৩ হাজার ৭৯ জন বেশি জিপিএ-৫ পেয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ চলছে। পরীক্ষকদের প্রশিক্ষণ এবং খাতা মূল্যায়নে বেশি ভুল হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও কাজ হচ্ছে। আগামী দিনে যেন স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া যায় এবং সঠিক ফল প্রকাশ করা যায়, সেটি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চান, যে যা করেছে তার সঠিকভাবে মূল্যায়িত হওয়া। কাউকে যেন অবমূল্যায়িত করা না হয়। স্বচ্ছ ফল আমাদের দিতে হবে।’

এবারের ফলাফলে শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি বাস্তব চিত্র। এসব ঘাটতি কীভাবে পূরণ করা যায়, সে জন্য মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কাজ করবে। অভিভাবক ও শিক্ষকদেরও এ বিষয়ে সহযোগিতা করতে হবে।

এবার পাসের হার কমে যাওয়ার কারণ জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার তা কমে ৫২ দশমিক ১২ শতাংশ হয়েছে। পাসের হার কমে যাওয়াকে তিনি সন্তোষজনক মনে করেন না। শিক্ষার্থীদের শেখার পদ্ধতি, অভিভাবকদের ভূমিকা ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয় মিলিয়ে ঘাটতিগুলো চিহ্নিত করতে হবে।

কোন বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১৩ হাজার ৮৪৯ জন অকৃতকার্য হয়েছে। ইংরেজি বিষয়ে গুরুত্ব দিয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এসব প্রতিষ্ঠান নিয়ে মন্ত্রণালয় বিবেচনা করবে। প্রয়োজনে আশপাশের প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তা ভাবা হচ্ছে। তবে এতে শিক্ষকদের চাকরি যাবে না বলে তিনি নিশ্চিত করেন।

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়াতে হবে, বাড়িতে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের জন্য সরকার শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং বাজেট বরাদ্দও বাড়ানো হয়েছে।

আগের বছরগুলোতে পাসের হার বেশি থাকার বিষয়ে তদন্ত করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুনর্নিরীক্ষণের পর ফলাফলে কোনো ত্রুটি ছিল কি না, তা আরও পরিষ্কার হবে। পরীক্ষক ও শিক্ষকদের কোনো ঘাটতি ছিল কি না, সেটিও দেখা হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হবে কি না, জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, কোন বিশ্ববিদ্যালয় কতটুকু মান বজায় রেখে শিক্ষার্থী ভর্তি করবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে ভর্তি হওয়ার সুযোগ সবাই পাবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। পাস করেছে প্রায় ১২ লাখ শিক্ষার্থী।

এনসিটিবির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এবং প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নে অনিয়মের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬ সালের সংশোধনীর মাধ্যমে এসব বিষয় খতিয়ে দেখার সুযোগ তৈরি হয়েছে। খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনেক দুর্বলতা রয়েছে। পুনর্নিরীক্ষণে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তনের ঘটনা তার প্রমাণ।

তিনি আরও বলেন, কোথাও কোথাও এমসিকিউ প্রশ্নপত্র পাল্টে দেওয়া হয়েছে এবং সংঘবদ্ধভাবে ফল পরিবর্তনের অপচেষ্টা হয়েছে। এ ধরনের কিছু ঘটনা ধরা পড়েছে, বাকিগুলোও খতিয়ে দেখা হবে। পরীক্ষা পদ্ধতি, শিক্ষা বোর্ড, পরীক্ষক এবং প্রশ্নপত্রসহ বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের দুর্বলতা রয়েছে। সেগুলো ধীরে ধীরে চিহ্নিত করা হচ্ছে।




এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল
ছবি সংগৃহীত।

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া কতজন শিক্ষার্থী নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে পারছেন। এ ছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।




যোগ্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত

যোগ্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত
ছবি সংগৃহীত।

যে সকল যোগ্য নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে আর্থিক সংকটে ভুগছে, সেগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্তির আওতায় এনে নিয়মিত শিক্ষক পদায়নের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদের তথ্য এনটিআরসিএ সংগ্রহ করা হয়ে থাকে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা নিরসনে ইতোমধ্যে শূন্য পদের তালিকা পিএসসি-তে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই উপজেলার শূন্য পদসমূহে নতুন শিক্ষক সুপারিশ করা হবে। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সকল চরাঞ্চলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে পাঠদান সচল রাখতে শিক্ষকদের পদায়ন সংক্রান্ত বিশেষ তদারকি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যে সকল যোগ্য নন-এমপিও প্রতিষ্ঠান শিক্ষকের অভাবে আর্থিক সংকটে ভুগছে, সেগুলোকে নির্ধারিত নীতিমালার আলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্তির আওতায় এনে নিয়মিত শিক্ষক পদায়নের সুযোগ সৃষ্টি করার সিদ্ধান্ত রয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন একটি সার্বিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ দেশের সব এলাকায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে।




এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী

এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী
ছবি সংগৃহীত।

এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানো হবে। একই সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হবে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা কিন্তু নয়। আগামীতে প্রশ্ন মডারেশন থেকে শুরু করে সবকিছুতে পরিবর্তন আনছি। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থার দিকে আমরা এগোচ্ছি।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এরইমধ্যে পরীক্ষা আইনেও পরিবর্তন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সময়ে মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি খুঁজে পাননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী হাত তুলেছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন প্রত্যেক শিক্ষার্থীই বৈশ্বিক নাগরিক। মেধাবীদের কোনো ভিসা লাগে না, মেধাবীদের কোনো ঠিকানা লাগে না। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে।

শিক্ষা খাতে বাজেট বাড়ানোর তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, আগে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা। এবার তা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিজ্ঞান ও নার্সিংয়ের মতো বিষয় যুক্ত করা হচ্ছে। সারাদেশে শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুক আজকাল তিলকে তাল বানায়। আমি মিডিয়াকে আহ্বান জানাবো, শিক্ষার ক্ষেত্রে তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।