এক রাতে চকরিয়ায় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কিত জনগণ

কক্সবাজারের চকরিয়ায় একই রাতে পৃথক দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) গভীর রাতে সংঘটিত এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের কারাবন্দী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারের বাটাখালীস্থ বাড়িতে আনুমানিক ভোর ৪টার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
চেয়ারম্যান কারাবন্দী থাকা অবস্থায় পরিবারের ওপর এমন সশস্ত্র হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে একই রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা বেদারুল ইসলামের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
পরপর দুটি ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসাইন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”










