একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়

একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়
ছবি সংগৃহীত।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প ২টি। তবে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে এককভাবে সর্বোচ্চ চারটি প্রকল্পই নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর নিজ জেলা জয়পুরহাটের জন্য। এই চার প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সর্বোচ্চ সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর জেলা জয়পুরহাটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ নতুন প্রকল্প হিসেবে ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া ‘জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর মেয়াদে এটি বাস্তবায়িত হবে। পাশাপাশি ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’ অনুমোদন দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এর বাইরে ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন’ প্রকল্পটিও অনুমোদন পেয়েছে। ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সারা দেশেই সড়ক অবকাঠামোর বেহাল দশা বিরাজ করছে। তা সত্ত্বেও একটি নির্দিষ্ট জেলাকেই এতটা গুরুত্ব দিয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় প্রকল্প নেওয়ার প্রবণতা আগেও ছিল। বিগত সরকারের আমলে প্রতি একনেক সভায় সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার নিজ জেলা কুমিল্লায় এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে প্রকল্প অনুমোদনে অগ্রাধিকার দিতেন। একইভাবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর রেলপথসহ একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল। এ ছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের আগ্রহে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতু প্রকল্প অনুমোদন পায়। অন্যদিকে, গত আওয়ামী লীগ সরকারের শেষ একনেক সভায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের এলাকায় ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে মেঘনা-ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়।

অনুমোদিত ১৬টি প্রকল্প হচ্ছে—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এফআরডিআইআরআইডিপি)। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসএসএমএইচআরআইআইপি)। বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (২য় সংশোধন)। দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প হচ্ছে, দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প। জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প। সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন হতে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (১ম পর্যায়) প্রকল্প। মেট্রো ঢাকা প্রকল্প—গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প হচ্ছে, জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ) প্রকল্প।

অন্যান্য মন্ত্রণালয় ও কার্যালয়ের ৩টি প্রকল্প হচ্ছে-কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প।

এ ছাড়া সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দেশের দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প অন্যতম।




গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা

গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ছবি সংগৃহীত।

গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো, গ্রহণ কিংবা ক্যাশ আউট—সব ধরনের সেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন তারা। এ অবস্থায় অপরেটরের পক্ষ থেকে গ্রাহকদের মোবাইল ফোনে হিসাব সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা পাঠানো হচ্ছে। এতে নিজেদের হিসাবে টাকা জমা থাকলেও প্রয়োজনের সময় তা ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই হিসাবগুলোর বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ বা ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এ জেলায় মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সূত্র জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্টদের মধ্যে নগদ অর্থের সংকট তৈরি হয়েছে। গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে।

এদিকে বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

এ ধরনের বার্তা পাওয়ার পর গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের হিসাবে ব্যবসায়িক লেনদেনের অর্থ কিংবা ব্যক্তিগত সঞ্চয় জমা রয়েছে, তারা প্রয়োজনের সময় সেই অর্থ ব্যবহার করতে পারছেন না। হিসাব কেন বন্ধ করা হয়েছে, কত দিন বন্ধ থাকবে এবং কীভাবে তা আবার চালু করা যাবে—এসব বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় অনিশ্চয়তা বাড়ছে।

তবে গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা বিকাশ হিসাব আলাদাভাবে বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম  বলেন, ‘‘এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও যাচাই শেষে এসব হিসাব চালু করা হবে, নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।’’

তিনি বলেন, ‘‘এটি নিয়মিত নিয়ন্ত্রক প্রক্রিয়ার অংশ। কোনো হিসাবে অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন দেখা গেলে সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করা হয়। হিসাবধারী আবেদন করলে বিষয়টি আবার যাচাই করা হতে পারে। তদন্তে বড় ধরনের সন্দেহজনক কার্যক্রমের প্রমাণ না পাওয়া গেলে হিসাব পুনরায় চালু করে দেওয়া হয়।’’

শামসুদ্দিন হায়দার ডালিম আরও বলেন, ‘‘এটা গোপালগঞ্জ বলে কোনো বিষয় নয়। আমাদের ডিজিটাল লেনদেনের সব তথ্য সংরক্ষিত থাকে। যেসব হিসাবে সন্দেহজনক লেনদেন দেখা যায়, সেগুলোর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সেটি যেকোনো হিসাব হতে পারে, কোনো নির্দিষ্ট এলাকার বিষয় নয়।’’

বিকাশের দাবি, দেশে প্রায় আট কোটি মানুষ প্রতিষ্ঠানটির সেবা ব্যবহার করেন। তাই কোনো হিসাব গোপালগঞ্জের, নাকি ঢাকার—এভাবে আলাদা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

বিকাশের পাশাপাশি নগদ ও রকেটের গ্রাহকেরাও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এসব প্রতিষ্ঠানের কতটি হিসাব বন্ধ বা সাময়িকভাবে ব্লক করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

নগদের মুখপাত্র সজল জাহিদ  বলেন, ‘‘কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে—এমন তথ্য তাদের কাছে নেই। নগদ কোনও এলাকার সেবা বন্ধ করেনি। এমএফএস প্রযুক্তিতে জিওগ্রাফিক্যাল লোকেশনের সেবা বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেনের তথ্য গেলে নিয়মিত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।’’

তিনি বলেন, ‘‘কোনো গ্রাহকের নম্বরে সন্দেহজনক লেনদেন হলে বিএফআইইউর নির্দেশনায় হিসাব বন্ধ হতে পারে। এ ক্ষেত্রে গ্রাহকের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর নাকি ঢাকায়, তা বিবেচ্য নয়। হিসাব খোলার সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য নেওয়া হলেও গ্রাহক বর্তমানে কোথায় অবস্থান করছেন কিংবা কোন এলাকায় তার মোবাইল নম্বর ব্যবহার হচ্ছে, তা এমএফএস প্রতিষ্ঠানের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়।’’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান  বলেন, ‘‘সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনের পরিপ্রেক্ষিতেই মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

তিনি জানান, কতটি হিসাব বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রবিবার পাওয়া যেতে পারে।




সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা
ছবি সংগৃহীত।

বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

আসন্ন রমজানে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ছবি সংগৃহীত।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প ১টি রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন) প্রকল্প এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণসহ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন) প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত ২য় সংশোধন)।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) (প্রস্তাবিত ৪র্থ সংশোধন) প্রকল্পও অনুমোদন পেয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প পাস হয়েছে, যার একটি আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প এবং অন্যটি চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প সম্পর্কেও সভাকে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন (২য় সংশোধনী) প্রকল্প, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ), কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশ শক্তিশালীকরণ প্রকল্প এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।