ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বান্দরবানে উত্তাল বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বান্দরবান শহরের ট্রাফিক মোড় সংলগ্ন প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে বান্দরবানের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ।
সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলাউদ্দিন ইমামি, জজ কোর্ট মসজিদের খতিব ও বর্তমান বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাওলানা মুজিবুর হক, ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসার বদিউল আলম হুজুরসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান ছাত্র-জনতার নেতা আসিফ ইকবালসহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের চরম গাফিলতির কারণেই ওসমান হাদীর হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যেতে সক্ষম হয়েছে। অবিলম্বে হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।
ছাত্র-জনতার নেতা আসিফ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, "ওসমান হাদীর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।"
সমাবেশে বক্তারা আরও বলেন, এই হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত। তাঁরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ চলাকালে উপস্থিত জনগণ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য স্লোগান ছিল— "যুগে যুগে লড়ে যাবো, লড়ে যাবো—আমরা সবাই হাদী হবো।"











