কক্সবাজার থেকে পালিয়ে সিলেট, গ্রেফতার হলেন সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ চারজন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

কক্সবাজার থেকে পালিয়ে সিলেট, গ্রেফতার হলেন সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ চারজন

কক্সবাজার থেকে পালিয়ে সিলেট, গ্রেফতার হলেন সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ চারজন
ছবি সংগৃহীত।

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কারান্তরীণ আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফের যুবলীগ নেতা এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, আবদুর রহমান বদির ছেলে নিসিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিন, বদির সহযোগী ও ছোট ভাই সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ হোসেন।


বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশের ভাষায়, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওই চারজন সিলেট নগরীতে অবস্থান করছেন- এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান করা হয়। এ সময় গ্রেফতার এড়াতে তারা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। এমনকি হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন। পরে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার অভিযান শেষে গ্র্যান্ড প্লাস হোটেল থেকে তাদের আটক করা হয়।


বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।


ধৃত শাওন আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি।


পুলিশ সূত্র মতে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্লাস হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু করা হয়। ওই সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই করেন পুলিশ সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুরসহ চারজনকে গ্রেফতার করা হয়।


সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির সাংবাদিকদের বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তাঁর দুই ভাইসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলার তথ্য ও গ্রেফতারের নির্দেশনার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।


ওসি বলেন, গ্রেফতারকৃদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করবেন।


তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




চকরিয়ায় আন নূর মডেল দাখিল মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

চকরিয়ায় আন নূর মডেল দাখিল মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের আন নূর মডেল দাখিল মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ও স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবদুস সালাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চকরিয়া মজিদিয়া দারুসসুন্নাহ পৌর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আবছার ছিদ্দিকী। বিশেষ বক্তা ছিলেন সাহারবিল আনোয়ারুল উলুম কামিল এমএ মাদ্রাসার অধ্যাপক মাওলানা আ. ফ. ম. ইকবাল হাসান আনোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন, চকরিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর জাফর আলম খালু, চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক অ্যাডভোকেট শওকত আলী, সমাজসেবক ও দানবীর এইচ এম এহসানুল হক, সমাজসেবক রাসেল মোস্তফা, চকরিয়া পৌরসভা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মনজুর মোরশেদ এবং ইসহাক আহমদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জিয়াউল করিম জিয়া।

অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন তাওহিদুল ইসলাম, হাফেজ মাওলানা কফিল উদ্দিন ও নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া আন নূর মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল হামিদ নূরী। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও পড়ালেখায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।




রামুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

রামুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
ছবি সংগৃহীত।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রামুর হিমছড়ি কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ উদ্যোক্তা, খামারি, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে রামু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।




সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ

সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে কক্সবাজারে জামায়াতের বিক্ষোভ
ছবি সংগৃহীত।

দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা ও সহিংসতা এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ করেছে কক্সবাজার জেলা জামায়াত। 

২৬ নভেম্বর বিকালে পাবলিক হল মাঠে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট আওয়ামীলীগের চিরাচরিত অভ্যাস। বিগত সতেরো বছর জনগণের উপর চরম জুলুম-নির্যাতন, গুম-খুন ও লুটপাট করে পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা দেশে আবারো ভয়ের রাজত্ব সৃষ্টি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টা চালাচ্ছে। আমরা হুশিয়ারি উচ্চারণ করে জানিয়ে দিতে চাই, দেশের মুক্তিকামী ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা এখনো জাগ্রত রয়েছে। 

তিনি বলেন, জুলাই শহীদের তাজা রক্ত এখনো দগ-দগ করছে। গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের শাস্তির মুখোমুখি না হওয়া পর্যন্ত তাদের কোন আস্ফালন ও অপতৎপরতা দেশের মানুষ মেনে নিবে না।

জেলা আমির বলেন, বিশেষ পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের আলোকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের দিন একইসাথে দুইটি ভোট অনুষ্ঠিত হলেও বিএনপি সংখ্যাগরিষ্টতা পেয়ে সরকার গঠন করে গণভোটের রায় মেনে নেয়নি এবং গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণরায় কে পাশ কাটিয়ে গিয়েছে। 

অধ্যক্ষ আনোয়ারী বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে দেশের শাসন কাঠামোতে নতুন ধারা সৃষ্টি হলে আওয়ামী সন্ত্রাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য তৈরিতে কালক্ষেপন হতো না। সরকার এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা অবিলম্বে সরকারকে ঐক্যৈবদ্ধভাবে সংকট মোকাবেলায় গণভোটের গণরায় বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, রামু উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ রফিক, শহর জামায়াতের নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, সেক্রেটারি মুহাম্মদ মুহসিন, শহর জামায়াতনেতা রফিকুল্লাহ মুকুল। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল পাবলিক হল থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকান স্টেশনে গিয়ে সমাপ্ত হয়।