কক্সবাজারে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিল
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কক্সবাজারে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিল

কক্সবাজারে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিল
ছবি সংগৃহীত।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজার প্রেসক্লাবে শহীদদের স্মরণে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার-এর যৌথ উদ্যোগে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির পঞ্চম দিনে (৪ আগস্ট) বিকেলে জুলাই শহীদদের স্মরণে এই খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী।

তিনি বলেন, “মাফিয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশকে দীর্ঘদিন জিম্মি করে রেখেছিল। মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। তাদের কারণে পুরো দেশ অস্তিত্বসংকটে পড়েছিল। ২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তক্ষয়ী আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার কারণে সত্য সংবাদ প্রকাশ করা সম্ভব হয়নি। একশ্রেণীর চাটুকারিতার কারণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আওয়ামী লীগ। তবে গণ-অভ্যুত্থান-পরবর্তী দেশে এখন মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠিত হয়েছে।”

সমাজের মানুষের আবেগ, অনুভূতি ও বাস্তবচিত্র সংবাদমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এ টি এম নুরুল বশর চৌধুরী।

তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতা বুকের রক্ত না দিলে বিদেশি প্রভুত্ব ও দাসত্ব থেকে মুক্তি পেত না বাংলাদেশ। বিএনপি নেতৃত্বাধীন সরকার বা দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক নেতৃত্বের দিশায় বাংলাদেশ এখন নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপকমিটির আহ্বায়ক মমতাজ উদ্দিন বাহারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতারুল আলম ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী।

প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও কর্মসূচি উদযাপন কমিটির সদস্যসচিব হাসানুর রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, সিবিএন-এর বার্তা সম্পাদক ও প্রেসক্লাব সদস্য ইমাম খাইর এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।

আলোচনা সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য হুমায়ুন সিকদার।

চব্বিশের জুলাইযোদ্ধাদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন শহিদুল ওয়াহেদ শাহেদ, মুহাম্মদ খালিদ বিন সাঈদ, সাহাব উদ্দিন, আবদুল মোমেন খান, আরিয়ান খান ফারাবি ও ফাহমিদা হাসান হেবা।

আলোচনা সভা শেষে ‘জুলাই স্মৃতি গ্রাফিতি’ অঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন। প্রতিটি দিনের কর্মসূচি ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।