কাউখালীতে সম্প্রীতি ও দক্ষতা উন্নয়নে ইয়ুথ গ্রুপের সমন্বয় সভা

রাঙামাটির কাউখালীতে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ‘আস্থা’ প্রকল্পের উপজেলা ইয়ুথ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, “টেকসই উন্নয়নের জন্য যুবকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আস্থা প্রকল্পের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
উপজেলা ইয়ুথ গ্রুপের সভাপতি মো. সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. ওমর ফারুক। সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে সামাজিক অস্থিরতা রোধ এবং যুবকদের কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকা আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটা চাকমা ও সহকারী ফিল্ড অফিসার (এএফও) টোকেন চাকমা। এ সময় ইয়ুথ গ্রুপের সদস্য মো. আমির হোসেন, শারমিন আক্তার, মো. নুরুল ইসলাম, বকুল আক্তার, মিথুইচিং মারমা ও ছালমা ইয়াসমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে নিজেদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।











