কাপ্তাই-রাজস্থলীতে সেনা টহল জোরদার: অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ (পিএসসি) বর্তমান পরিস্থিতি ও সেনাবাহিনীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।
জোন কমান্ডার জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাপ্তাই ও রাজস্থলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্গম স্থানে সেনাবাহিনীর বিশেষ টহল শুরু হয়েছে। কোনো ধরনের সহিংসতা বা নাশকতা যাতে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সেজন্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় পরিচয়পত্রবিহীন বহিরাগতদের আনাগোনার ওপর কড়া নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সাথে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠে সক্রিয় রয়েছে।
সভায় সাংবাদিকদের পার্বত্য এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহযোগিতার আহ্বান জানানো হয়।











