কাপ্তাইয়ে বসতঘরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে নিজ বসতঘর থেকে জামাল হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন ওই এলাকার মৃত সৈয়দ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নিজ কক্ষের সিলিংয়ের সঙ্গে মাফলার পেঁচিয়ে জামাল হোসেনকে ঝুলতে দেখেন তার মা। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় তার স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে। নিহত জামালের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামাল হোসেন আগে নিয়মিত অটোরিকশা চালাতেন। তবে আত্মহত্যার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।”











